জাতীয়

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়গুলোকে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার এ উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বিদ্যালয়ের পরিবেশের উন্নয়ন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ লক্ষ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের প্রকৃত মেধার বিকাশ সম্ভব নয়। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা, শরীরচর্চা এবং খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ থাকা প্রয়োজন। এসব কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশ, চিন্তাশক্তি ও পারস্পরিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তবে এ ক্ষেত্রে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়েও অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত নীতিমালায় কর্মকর্তাদের পদায়ন, দায়িত্ব বণ্টনসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুন করে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর, গতিশীল ও সুশৃঙ্খল করার পরিকল্পনা রয়েছে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার ও প্রশাসনিক পরিবর্তনের উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং বিদ্যালয়গুলোর পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া অনুষ্ঠানে গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।