সারাদেশ
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন, থানায় ভাঙচুর
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে থানায় গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর টুঙ্গিপাড়া শহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। পরে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
থানার ভেতরে অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।