রাজধানী

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।

লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।