জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রথমবারের মতো কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রাথমিক পর্যায়ের পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, পরিচালন সক্ষমতা এবং গ্রিডের সঙ্গে সমন্বয়সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও পরিচালনব্যবস্থার কার্যকারিতা নিবিড়ভাবে যাচাই করা হবে। বিশেষ করে টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা, বিদ্যুৎ উৎপাদনের স্থিতিশীলতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য পরীক্ষা করা হবে। এসব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।

বায়েরা অনুমোদন দিলে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলক পরিচালনার (ট্রায়াল অপারেশন) আওতায় জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে অগ্রসর হবে। রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটটি রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে সাময়িকভাবে (প্রভিশনাল টেকওভার) হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারের গেজেট বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সে হিসাবে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের জাতীয় বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে।

বিশেষজ্ঞদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নিরবচ্ছিন্ন ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখার সম্ভাবনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।