সারাদেশ

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তার সঙ্গে অস্ত্র ছিল। পরে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটকের পর তাকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি জানান, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আরও জানান, এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আটক বিএসএফ সদস্যের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তবে কী পরিস্থিতিতে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পতাকা বৈঠকের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যেতে পারে।