আইন আদালত
যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি অভিযোগ করেছেন, আইনজীবী পরিচয় দেওয়ার পরও রাহেদুল ইসলাম রঞ্জুকে তুলে নিয়ে রড দিয়ে মারধর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের বার ভবনে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন শিশির মনির। আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিশির মনির বলেন, হামলার শিকার আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তার কথা হয়েছে। রঞ্জু তাকে জানিয়েছেন, হামলার সময় তিনি একাধিকবার নিজের পরিচয় দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি হামলাকারীদের উদ্দেশে বলেন, ‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ এরপরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শিশির মনির।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একজন আইনজীবী নিজের পরিচয় দেওয়ার পরও যদি এভাবে হামলার শিকার হন, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধ করে পার পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, ‘সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা প্রয়োজন। পাশাপাশি দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত।’
শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে এভাবে অপমান ও নির্যাতনের পরও যদি অভিযুক্ত ব্যক্তি পার পেয়ে যান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি হবে। আইনজীবীদের অন্যতম দায়িত্ব হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অথচ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেই আইন হাতে তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আইনজীবীরা কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে জানেন, তা হয়তো অভিযুক্ত ব্যক্তির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। তাই কালক্ষেপণ না করে আগামীকালই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমানসহ সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবী।
সমাবেশে বক্তারা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।