জাতীয়
১৭ বছরে গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের শিকার সবাই বিচার পাবেন: আইনমন্ত্রী
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং বিগত ১৬ থেকে ১৭ বছরে গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যত বাধা ও প্রতিকূলতাই আসুক না কেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে সরকার পিছিয়ে আসবে না। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেই ভুক্তভোগী প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা, বিশ্বজিৎ দাস হত্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এসব মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে।
আইনমন্ত্রী তার বক্তব্যে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাটিও উল্লেখ করেন। তিনি বলেন, গত মে মাসে সংঘটিত এ মর্মান্তিক ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ মে রামিসার প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ মে মামলা দায়েরের পর মাত্র চার দিনের মধ্যে, ২৪ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ জুন আদালত সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত অল্প সময়ে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তির ঘটনা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা ও কার্যকর ভূমিকার কারণে বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, রামিসার ঘটনায় অপরাধ সংঘটিত হওয়ার পরপরই, এমনকি মামলা দায়েরের আগেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনিও রামিসার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। তবে বিগত দেড় দশকে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠায় বিচার পাওয়া নিয়ে সংশয় থেকে রামিসার বাবা প্রথমে মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন। সরকার তাদের ন্যায়বিচারের নিশ্চয়তা দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমান সরকারের বিচারিক অঙ্গীকার তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিগত ১৬-১৭ বছরে যারা গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। কোনো ধরনের চাপ বা প্রতিকূলতার কাছে নতি স্বীকার না করে এসব অপরাধের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি জেলায় জেলায় বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ভুক্তভোগীরা যেন নিজ নিজ এলাকায় থেকেই বিচারপ্রক্রিয়ার আওতায় আসতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বক্তব্যের শেষ পর্যায়ে আইনমন্ত্রী ন্যায়বিচার প্রতিষ্ঠার এই উদ্যোগ বাস্তবায়নে বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন। বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান সম্প্রতি সংসদে যে বিষয়টি উত্থাপন করেছেন, সরকার সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেন তিনি।