সারাদেশ

টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়াম এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়া থানা ও পাটগাতী এলাকায়। রাত সাড়ে ৯টা পর্যন্তও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়ার দিকে আসতে শুরু করেন।

একপর্যায়ে তারা উপজেলা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এ ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতের সুনির্দিষ্ট সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে থানা ঘেরাও করেন। এ সময় কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। পরে বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করে আগে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটকদের বের করে নেওয়ার পর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার বিভিন্ন স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনে ঠিক কী কী পুড়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনার পর বিক্ষোভকারীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে বাড়িটিতে হামলার সময় কতজন উপস্থিত ছিলেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো টুঙ্গিপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এসব ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহত, ক্ষয়ক্ষতি এবং সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।