রাজধানী
রাজধানীতে একের পর এক বাসে আগুন, এবার ডিএনসিসির স্টাফ বাসে অগ্নিসংযোগ
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৭ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া বাসটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্টাফ বাস ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।
ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। পেছন দিক থেকে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মহাখালীর ঘটনার বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এদিকে, রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে মিরপুর চিড়িয়াখানা রোডেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।