সারাবিশ্ব
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৭ নভেম্বর গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনমানবহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত দল এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। জরুরি সেবাদানকারী দলের সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে সেটি মাটিতে আছড়ে পড়ে।
সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম বাজা এক প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়া কেমেরোভোতে এএন-১২ বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ফুটেজে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দুর্ঘটনাটি দূরে ঘটায় দৃশ্যটি স্পষ্টভাবে বোঝা যায়নি।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এ ছাড়া ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে রয়টার্স নিশ্চিত হয়েছে, সেটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলে যায়।
বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের বিমান ব্যাপকভাবে ব্যবহার করা হয়।