জাতীয়
আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে আওয়ামী লীগকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে। তবে বর্তমান সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে না। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়াতে সরকার ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরেই অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। সর্বশেষ একটি থানায় হামলার ঘটনাও ঘটেছে। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে, তা জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। দলটির নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরাও গত কয়েক দিনে এ ধরনের বার্তা দিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে আওয়ামী লীগের মতো দমন-পীড়ন ও সহিংসতার পথে সরকার হাঁটতে চায় না বলে স্পষ্ট করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব।’ জনগণ আর রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ থানা কিংবা সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার মতো অপরাধে জড়ালে আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না বলেও জানান তিনি।
আওয়ামী লীগের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব, বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’
তিনি আরও বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও ছবি সরকারের হাতে রয়েছে। এসব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে গোপালগঞ্জের সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে আসা উসকানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণহত্যার মাধ্যমে রাজনৈতিক বৈধতা হারিয়েছে। তারা আর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে নিয়ে সংসদে বেশি সময় ব্যয় করতে চান না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর থাকবে না। বর্তমান পরিস্থিতি উত্তরণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
এদিকে সংসদে আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের সক্রিয় রাখার একটি কৌশল। ডিসেম্বরের রাজনৈতিক তৎপরতা নিয়ে দেওয়া বক্তব্য থেকে জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। ভবিষ্যতে কোনো রূপে সেই ফ্যাসিবাদ ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানান তিনি।