রাজধানী

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কাফরুলে নারী পোশাক শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনার পর সংশ্লিষ্ট কারখানা এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন-এই দুটি কারখানায় প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত রয়েছেন। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই তিন কারখানার শ্রমিকদেরও কর্মস্থল থেকে বের করে নিয়ে আসা হয়।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব এলাকায় পোশাক শ্রমিকদের সড়কে নেমে বিক্ষোভ করার কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে কাফরুল এলাকায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।