রাজনীতি
টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন
বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না
টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, বিএনপি সরকার কোনো ধরনের হতাহতের ঘটনায় বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। তাই টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি সহায়তা, পুলিশি সেবা ও শিক্ষাসহ প্রয়োজনীয় পরিষেবা স্বাভাবিকভাবে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও ব্যাহত হতে পারে। এমনকি নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিং মল ও দোকানপাট খোলা রাখতেও সাহস পাবেন না। এতে টুঙ্গিপাড়ার মানুষের জীবনযাত্রায় মারাত্মক সংকট তৈরি হতে পারে। পোস্টে তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন।
রাশেদ খাঁন তাঁর পোস্টে আরও লেখেন, টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় স্থানীয় সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর মতে, জনগণকে এ বিষয়ে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় এলাকার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে করে এনসিপির নেতাদের উদ্ধার করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বারবার হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ও কার্যকর সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, টুঙ্গিপাড়ার মানুষের জীবনযাত্রায় সংকট তৈরি হলে তারা নিজেরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধের প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন। অন্যদিকে সরকার কঠোর হাতে এসব কর্মকাণ্ড দমন করতে গেলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটলে সেটিকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তাঁর ভাষ্য, বিএনপি সরকার এমন কোনো পরিস্থিতির দায় নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না। তাই আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অভিযোগ রাজনৈতিকভাবে এবং ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।
এ ছাড়া পোস্টে বিরোধী দলের দীর্ঘদিনের লং মার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন এবার ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল বহুবার লং মার্চ করেছে। এবার টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি হতে পারে। এমন কর্মসূচি ঘোষণা করা হলে তিনি তাতে সাধুবাদ ও সমর্থন জানাবেন বলেও উল্লেখ করেন।