রাজনীতি

বিদেশে বসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: শামা ওবায়েদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

বিদেশে বসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বিএনপি সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে। তবে দেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে জনগণ তা সহ্য করবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ‘জয়বাংলার মোড়’ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ‘দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এ বিষয়ে সাংবাদিকরা বারবার প্রশ্ন করেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা, খুন ও গুমসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলা বাংলাদেশের আইন, বিচার বিভাগ ও আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে বিচারিক প্রক্রিয়া শেষ হলে আদালত কী রায় দেন, সেটিই গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট শিশুকে হত্যা করা হয়েছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে নামলে তাদের ওপর গুলি চালানো হয়েছে। এসব ঘটনার প্রতিটি গুলির জবাব একদিন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে শামা ওবায়েদ বলেন, নগরকান্দা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের মাটি মুক্তিযোদ্ধাদের মাটি। মুক্তিযোদ্ধাদের একটি ঐতিহাসিক বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি।’

বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে দলের বহু নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। এত নির্যাতনের পরও ফরিদপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। প্রতিকূল পরিস্থিতিতে গাছপালা, বন-বাদাড় কিংবা পুকুরে আশ্রয় নিয়েও তারা ধানের শীষের পক্ষে কাজ করেছেন। এখন সেই নেতাকর্মীদের হত্যাকারীরা হুমকি দিলে বিএনপি তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুসারীরা গত ১৭ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম ও খুন উপেক্ষা করে রাজপথে ছিলেন। ভবিষ্যতেও তারা মাঠে থাকবেন এবং দলের অবস্থান ধরে রাখবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, তাদের নেতা দেশ ছেড়ে চলে গেছেন। এখন তার বক্তব্য শোনা গেলেও সরাসরি উপস্থিতি দেখা যায় না। গত দুই বছরে তার কোনো সরাসরি উপস্থিতি দেখা যায়নি, শুধু বক্তব্য শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে এসব বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অতীতে নেতার নির্দেশে যারা অন্যায় করেছেন, তারা যদি অনুতপ্ত হন এবং সেসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে চান, তাহলে বিএনপি সরকারকে সহযোগিতা করা উচিত। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য রুমিন ফারহানার প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক যোগ্য মনোনয়নপ্রত্যাশী থাকায় সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। দল যাকে যোগ্য মনে করে, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করে। কিন্তু মনোনয়ন না পাওয়া কয়েকজনকে এখন সংসদের ভেতরে ও বাইরে শেখ হাসিনার পক্ষে কথা বলতে এবং বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত দুই থেকে আড়াই বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়নি। সভায় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদাহরণ দিয়ে তিনি বলেন, তার বাবা কখনো রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করতেন না, বিএনপিও তা সমর্থন করে না।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি যখন সচল হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন এবং আন্তর্জাতিক ক্রেতারা গার্মেন্টস খাতে নতুন অর্ডার দিচ্ছেন, তখন একটি পক্ষ এসব অগ্রগতি বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। দেশের পোশাকশিল্প ধ্বংস এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শামা ওবায়েদ আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়া হচ্ছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী আজাদ। সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান। এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা বক্তব্য দেন।

এর আগে কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে যাত্রা শুরু করে ‘জয়বাংলার মোড়’ এলাকায় সভাস্থলে পৌঁছান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।