রাজনীতি
ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী
গণতন্ত্রের পথে দেশের যে যাত্রা শুরু হয়েছে, কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা যানবাহনে আগুন দিয়ে সেই অগ্রযাত্রা রুদ্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু। জুলাইয়ে তিনি মানুষের তাজা রক্ত ঝরিয়েছেন। ১ হাজার ৪০০ শিশুকে হত্যা করিয়েছেন। রক্তপিপাসু স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাঁর রক্তের নেশা এখনো শেষ হয়নি। এত মানুষ হত্যার পরও তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং বিভিন্ন বার্তা ও অডিও বার্তার মাধ্যমে হত্যাকাণ্ড এবং জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করছে, আবারও রক্ত ঝরিয়ে ক্ষমতায় ফিরে আসবে। ফিরে গিয়ে ব্যাংক লুট, জমি-জমা দখল এবং আগের মতো লুটপাটের রাজত্ব কায়েম করবে। সেই লুটপাটের স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার লক্ষ্যেই তারা রক্তাক্ত পথ বেছে নিচ্ছে। তবে কোনো অন্যায্য শক্তি কখনো নির্বাচিত সরকারকে পরাস্ত করে পুনরায় ক্ষমতায় ফিরতে পারবে না।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছি। আর ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। এ বিপ্লবের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।