রাজনীতি

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের
ছবি: সংগৃহীত

নিজ সংসদীয় আসন ঢাকা-৬-এর অন্তর্গত বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাতদিন পালাক্রমে পাহারা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ নির্দেশনা দেন।

ফেসবুক পোস্টে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং দলের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার সংশ্লিষ্ট নেতাকর্মীদেরও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রতিটি এলাকায় মিছিলসহকারে পাহারা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশনাও দেন তিনি।

এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্দেশনা বাস্তবায়নে পালাক্রমে দিনরাত পাহারার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ইশরাক হোসেন। দলের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।