জাতীয়

এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে ইসি: সিইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে ইসি: সিইসি
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি-সংক্রান্ত সেবায় দুর্নীতি, অনিয়ম ও নাগরিক হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সহজে ও স্বচ্ছতার সঙ্গে এনআইডি-সংক্রান্ত সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্রকে কেন্দ্র করে যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো থেকে মুক্তি পেতে চায় নির্বাচন কমিশন। এ জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে হবে। এনআইডি-সংক্রান্ত সমস্যা নিয়ে একে অপরের ওপর দায় চাপানো বা ব্লেম গেমে জড়িয়ে না পড়ে নাগরিকদের সেবা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি ও হয়রানি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, এনআইডি সেবা মানুষের নাগরিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই এ সেবা গ্রহণ করতে গিয়ে যেন কাউকে অযথা হয়রানি বা অতিরিক্ত ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়টি কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। এ সময় জনগণের দুর্ভোগ কমানো এবং দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন সিইসি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংশোধনের মোট ৬৫ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে গত দুই বছরে নিষ্পত্তি হয়েছে ১৭ লাখের বেশি আবেদন। তবে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করা হলেও এ কার্যক্রম পরিচালনায় এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জের কারণে অনেক ক্ষেত্রে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের অসতর্কতা, বিভিন্ন দোকান বা মধ্যস্বত্বভোগীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, অসততা এবং প্রতারণার প্রবণতা দুর্নীতির সুযোগ তৈরি করছে। ফলে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও অন্যান্য সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

কর্মশালায় এনআইডি সেবা কার্যক্রমের বিদ্যমান সমস্যা, আবেদন নিষ্পত্তির চ্যালেঞ্জ এবং নাগরিকদের ভোগান্তি কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের মতে, সেবাপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।