সারাবিশ্ব
২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, কারা পাবেন এই সুবিধা?
কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসীদের জন্য বড় সুখবর। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে অতিরিক্ত আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কানাডার কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে স্থায়ী বসবাসের অনুমোদনের অপেক্ষায় থাকা কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় থাকা নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীদের অনিশ্চয়তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এই বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। বিশেষ এই ব্যবস্থা শুধু ২০২৭ সালের জন্য কার্যকর হবে এবং দেশটির নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।
কর্মরত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য ১ লাখ সুযোগ
বিশেষ উদ্যোগের প্রথম অংশে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিবেচনায় আবেদনকারীদের নির্বাচন করা হবে।
বিশেষ করে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনকারী কর্মী এবং নির্দিষ্ট কয়েকটি অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এই উদ্যোগের আওতায় আসতে পারেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি (স্টার্ট-আপ ভিসা), স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক অভিবাসন কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।
মানবিক ও পারিবারিক বিবেচনায় আরও ১ লাখ পিআর
বিশেষ উদ্যোগের দ্বিতীয় অংশে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ শ্রেণিতে কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচির অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরা, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগত অনুমোদন পাওয়া আবেদনকারী এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের কর্মসূচিতে অপেক্ষমাণ আবেদনগুলো নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান এই বিশেষ ব্যবস্থার আওতায় আসতে পারেন।
নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে অতিরিক্ত সুযোগ
কানাডার ২০২৭ সালের নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে বিশেষ উদ্যোগের মাধ্যমে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ফলে ঘোষিত বিশেষ ব্যবস্থাসহ মোট সম্ভাব্য স্থায়ী বাসিন্দার সংখ্যা দাঁড়াতে পারে ৫ লাখ ৮০ হাজারে।
সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য নতুন করে বিপুলসংখ্যক বিদেশি অভিবাসী নিয়ে আসা নয়। বরং কানাডায় আগে থেকেই বসবাস করছেন, বিভিন্ন খাতে কাজ করছেন এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখছেন-এমন ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করা। একই সঙ্গে দীর্ঘদিনের আবেদনজট কমানো, কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করা এবং পরিবার পুনর্মিলনের প্রক্রিয়া সহজ করাও এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
নতুন করে আবেদন করতে হবে কি?
এই বিশেষ উদ্যোগকে নতুন কোনো অভিবাসন কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। একইভাবে এটি সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও নয়। বরং নির্দিষ্ট কিছু অভিবাসন কর্মসূচিতে আগে থেকেই আবেদন করা অথবা সরকারের নির্ধারিত যোগ্যতার আওতায় থাকা ব্যক্তিদের আবেদন নিষ্পত্তির জন্য অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, যোগ্য আবেদনকারীদের জন্য আলাদা করে নতুন আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না। সরকারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যমান আবেদনগুলো বিবেচনা ও নিষ্পত্তি করা হবে। তবে কারা চূড়ান্তভাবে এই সুবিধা পাবেন, তা সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, আবেদনকারীর অবস্থান এবং সরকারের নির্ধারিত প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
সব মিলিয়ে, কানাডায় দীর্ঘদিন ধরে কর্মরত অভিবাসী, স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা আবেদনকারী এবং পরিবার পুনর্মিলনের আশায় থাকা হাজারো মানুষের জন্য ২০২৭ সালের এই বিশেষ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে যারা ইতোমধ্যে কানাডায় বসবাস করছেন এবং স্থায়ী হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এটি হতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।