পরিবেশ-জলবায়ু

চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টির।

আগের দুটি ঘূর্ণিঝড়ের মতো নতুন এই ঘূর্ণিঝড়টিরও সম্ভাব্য গন্তব্য ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল। তবে এর প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ১৮ নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর কেন্দ্র প্রায় ১২ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি রয়েছে।

বুলেটিন অনুযায়ী, গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বৃহস্পতিবার সকালের দিকে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল থাকবে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এবারের ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘আকভান’। নামটি প্রস্তাব করেছে ইরান। এটি একটি ফারসি শব্দ। ইরানের মহাকবি ফেরদৌসীর বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’য় বর্ণিত এক শক্তিশালী ও মায়াবী দৈত্যের নাম আকভান বা আকভান দিভ।

পৌরাণিক কাহিনি অনুযায়ী, আকভান ইচ্ছেমতো রূপ পরিবর্তন করতে পারত। ইরানের কিংবদন্তি বীর রুস্তমের সঙ্গে এই দৈত্যের লড়াইয়ের কাহিনিও রয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের প্যানেলভুক্ত ১৩টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

২০২০ সালে এসব দেশের প্রস্তাবিত ১৬৯টি নামের তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ এবং ভারতের ‘মুরাসু’ নামের পর এবার ইরানের প্রস্তাবিত ‘আকভান’ নামটি ব্যবহার করা হয়েছে।