সারাদেশ
নেশার টাকার জন্য মাকে হত্যা, ঘরের ভেতর বস্তাবন্দি মরদেহ রেখে দেয় ছেলে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে। হত্যার পর মায়ের মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরেই রেখে দেন তিনি। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের সরোয়ার সরকারের বাড়ি থেকে নিহত মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার এক দিন আগে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে বাড়ির একটি ঘরের ভেতরে রেখে দেওয়া হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য মায়ের সঙ্গে ছেলে আশরাফুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধের জেরে মাকে হত্যা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরে রেখে দেন তিনি।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তবে হত্যাকাণ্ডে গ্রেপ্তার অপর দুই ব্যক্তির সম্পৃক্ততা কী ছিল এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।