জাতীয়
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, গুরুত্ব পাচ্ছে সড়ক, সেতু ও নদী খনন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল ও নদী খনন, নদীভাঙন প্রতিরোধ, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। নতুন ১৪টি প্রকল্পের পাশাপাশি দুটি সংশোধিত প্রকল্পও অনুমোদন পেয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের জন্য। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়ন মেয়াদের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে একনেক। এতে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে দেবে ১০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা। পাশাপাশি বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এ মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে অতিরিক্ত ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানো হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে। নদী সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসনসংক্রান্ত সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
একনেকের এ সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।