সারাদেশ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ডেগেরচালা সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা ডেগেরচালা সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বুধবার সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১০টি কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল পৌনে ১০টা পর্যন্ত গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। শিল্পসমৃদ্ধ এ জেলায় বর্তমানে মোট ২ হাজার ৭৩৪টি কারখানা রয়েছে।

তবে বেলা পৌনে ১২টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। শ্রমিকদের আন্দোলন, মহাসড়ক অবরোধ এবং কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে।