জাতীয়

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসনের বিকল্প নেই: শামা ওবায়েদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসনের বিকল্প নেই: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান হলো মিয়ানমারে তাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। জবাবে কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা এবং ক্যাম্পগুলোতে বিদ্যমান সামগ্রিক মানবিক পরিস্থিতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন।

বিশেষ প্রতিবেদক জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার পরিমাণ ক্রমাগত কমে আসছে। একই সঙ্গে এই সংকটের একটি স্থায়ী ও কার্যকর সমাধান নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বৈঠকে মিয়ানমারের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অবনতি, বিশেষ করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা এবং নতুন করে বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাখাইনে এখনো অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের কাছে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন যথাযথভাবে মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে দায়ীদের জবাবদিহি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়েও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, এই রায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।