জাতীয়
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও কার্যক্রম গ্রহণ করেছে। বিশেষ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা, হুন্ডি প্রতিরোধ, অর্থ স্থানান্তর প্রক্রিয়া সহজ করা এবং প্রবাসীদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সময়েই বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে এগিয়ে যায়।
তারেক রহমান জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন রেমিট্যান্স সংযোগ স্থাপন করা সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় অর্থ স্থানান্তরের খরচও কমছে।
তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার জন্য পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বাড়াতে বিদেশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সার্কুলার জারি করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং তা অব্যাহত রাখতে নতুন ধারণা, আধুনিক প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বৈধ পথে প্রবাসী আয় দেশে আনার সুযোগ আরও সম্প্রসারণ, হুন্ডির ব্যবহার কমানো এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।