জাতীয়

বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে গবেষণাভিত্তিক সংযোগ গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে গবেষণাভিত্তিক সংযোগ গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্মসূচি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বাস্তবমুখী করে শিল্প, কৃষি, সামুদ্রিক, বিদ্যুৎ ও ডিজিটাল খাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এ জন্য উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি বড় গবেষণা কার্যক্রম শুরু করার আশাও প্রকাশ করেন তিনি। তাঁর মতে, পরিকল্পিত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও দক্ষতাকে দেশের বিভিন্ন উৎপাদনশীল খাতে কাজে লাগানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিল্প, কৃষি, সামুদ্রিক খাত, বিদ্যুৎ খাত এবং ডিজিটাল মাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাব্যবস্থার সমন্বয় ঘটানো গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদকে আরও আধুনিক ও উন্নত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার পরিধি এবং অনুষদগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মুক্ত আলোচনার আহ্বান জানান অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রাক্তন শিক্ষার্থী (এলামনাই) এবং অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, নদী, সমুদ্র ও পাহাড়ঘেরা এমন মনোরম পরিবেশ বিশ্বের খুব কম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দেখা যায়। এই অনন্য প্রাকৃতিক অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সম্পদ ও সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের এই সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি শক্তিশালী এলামনাই নেটওয়ার্ককে কীভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপনের কর্মসূচি শুরু হয়। উদ্বোধনের পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তরের মোড় অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ছয় দশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। হীরকজয়ন্তীর এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জন, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।