সারাদেশ

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতা, প্রাণ গেল কৃষক দল নেতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতা, প্রাণ গেল কৃষক দল নেতার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার ১৭ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় মিছিলকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে মিছিল থেকে হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন রাজু মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন চিকিৎসকদের আর কিছু করার ছিল না।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মুহূর্তে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।