সারাদেশ

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিল থেকে উত্তেজিত নেতাকর্মীদের একটি অংশ সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

মঙ্গলবার (রাত) নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আগুনের ঘটনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কয়েকজন যুবক বাইরে থেকে কাগজ ব্যবহার করে আগুন ধরিয়ে দেন। তবে কেউ আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি ও ভিডিওতে মহাসড়কে টায়ার জ্বালানোর দৃশ্য দেখা যায়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে বিভিন্ন মহলে দাবি করা হলেও তাঁদের সম্পৃক্ততার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছেন বলেও দাবি করা হচ্ছে। তবে মহাসড়কের ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, কারা এতে জড়িত কিংবা কী কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিএনপি নেতা এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ থেকে সাবেক সংসদ সদস্যের বাসভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।