সারাবিশ্ব

ঘুমের প্রতিযোগিতায় জিতে ১৭ লাখ টাকা পেলেন নারী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

ঘুমের প্রতিযোগিতায় জিতে ১৭ লাখ টাকা পেলেন নারী
ছবি: সংগৃহীত

ঘুমিয়ে পুরস্কার জেতার প্রতিযোগিতার কথা শুনলে অনেকেরই অবাক লাগতে পারে। তবে জাপানে আয়োজন করা হয়েছে এমনই এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। সেখানে ভালো ঘুমানোর দক্ষতা দেখিয়ে ২২ লাখ ২০ হাজার ইয়েন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার জিতেছেন এক নারী।

গত ৫ অক্টোবর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই প্রতিযোগিতা। এর নাম দেওয়া হয়েছিল ‘ম্যাট রেস’। একটি ম্যাট্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয়োজনে এতে অংশ নেন কয়েক ডজন প্রতিযোগী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়। তবে শুধু দ্রুত ঘুমিয়ে পড়লেই বিজয়ী হওয়ার সুযোগ ছিল না। ঘুমের গভীরতা, মান, কত দ্রুত ঘুম আসছে এবং ঘুম কতটা স্থিতিশীল থাকছে, এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়।

এ জন্য প্রতিযোগীদের মাথায় বিশেষ যন্ত্র লাগানো হয়েছিল। এর মাধ্যমে তাদের ঘুমের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব তথ্যের ভিত্তিতে নির্ধারিত স্কোর অনুযায়ী বিজয়ী নির্বাচন করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হন ‘সুইমি’ নামে পরিচিত এক নারী। পুরস্কারের অর্থ দিয়ে নতুন বাসায় ওঠার খরচ মেটানোর পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি রাজকন্যাদের মতো একটি বিছানা কেনার ইচ্ছার কথাও জানিয়েছেন।

জাপানে দীর্ঘ কর্মঘণ্টা ও যাতায়াতের ব্যস্ততার কারণে অনেক মানুষ পর্যাপ্ত ঘুমানোর সুযোগ পান না। দেশটিতে ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকদের মতে, ঘুমকে প্রতিযোগিতার বিষয় করে তোলার মাধ্যমে মানুষকে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তা সম্পর্কে আগ্রহী করে তোলা সম্ভব।

সূত্র: জাপান টাইমস, এএফপি।