জাতীয়
নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশের দাবি, পূর্বে ধারণ করা ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে প্রচার করা হচ্ছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদরদপ্তরের দাবি, পূর্বে ধারণ করা ভিডিওচিত্র ও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও ভিডিওর মাধ্যমে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালায়। এ ঘটনায় শাহীন শেখ ও সোহেল মোল্যা নামে দুজন নিহত হন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনসহ উত্তেজিত কিছু লোক বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা ঘটনার সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।