জাতীয়
সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন, গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন
দেশের সাত জেলায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে দায়িত্ব পালনরত আনসার সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ ছাড়াও দেশের আরও ছয় জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে সাত জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখার লক্ষ্যে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা নিয়মিত টহল, স্থির নিরাপত্তা দায়িত্ব এবং মোবাইল মুভমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নজরদারি করছেন। পাশাপাশি সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন অধিনায়কদের সার্বিক তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাঠপর্যায়ে আনসার সদস্যদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।