সারাদেশ

মালয়েশিয়া নেয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারের সৈকতে ফেলে পালায় দালাল চক্র


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

মালয়েশিয়া নেয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারের সৈকতে ফেলে পালায় দালাল চক্র
ছবি: সংগৃহীত

কক্সবাজারে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ ২৮ জনকে সাত দিন ধরে সাগরে জিম্মি করে রাখে মানব পাচারকারী চক্র। পরে ভুক্তভোগীদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে একটি ট্রলার ভিড়িয়ে নিজেদের জীবন রক্ষা করেন ভুক্তভোগীরা। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে রয়েছেন ২ জন শিশু, ২ জন নারী ও ২৪ জন পুরুষ। ভুক্তভোগীদের অভিযোগ, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের পাচারকারীদের ফাঁদে ফেলা হয়। কাউকে রাস্তা থেকে অপহরণ করা হয়েছে, আবার কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের টেকনাফের একটি গোপন আস্তানায় আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

ভুক্তভোগীরা জানান, প্রথমে টেকনাফ উপকূল থেকে ছোট ট্রলারে করে তাদের গভীর সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় তাদের ওপর নির্যাতন। প্রায় সাত দিন ধরে সাগরে ভাসমান ওই ট্রলারের কোল্ড স্টোরেজে আটকে রাখা হয় তাদের। এ সময় শারীরিক নির্যাতনের পাশাপাশি স্বজনদের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছিল পাচারকারী চক্রের সদস্যরা।

শুক্রবার রাতেও ভুক্তভোগীদের ওপর নির্যাতন চালাতে শুরু করে চক্রের সদস্যরা। একপর্যায়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে ট্রলারে থাকা অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তারা সংঘবদ্ধ হয়ে পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে পাচারকারী চক্রের সদস্যরা ট্রলারের পেছনে বেঁধে রাখা একটি স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। এরপর সাগরের মধ্যে দিক নির্ধারণের কোনো উপায় না পেয়ে আকাশে উড়োজাহাজ চলাচল দেখে অবস্থান অনুমান করেন ভুক্তভোগীরা। পরে নিজেদের চেষ্টায় ট্রলারটি কক্সবাজার সৈকতের দিকে নিয়ে এসে লাবণী পয়েন্টে ভেড়াতে সক্ষম হন তারা।

ট্রলারটি সৈকতে ভেড়ানোর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ স্বজনদের খোঁজে থানায় ভিড় করেন পরিবারের সদস্যরা।

এদিকে, স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে ফোন করে তাদের অপহরণের বিষয়টি জানানো হয়েছিল। শুধু তাই নয়, ভুক্তভোগীদের মারধরের শব্দ ফোনে শুনিয়ে এবং নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল পাচারকারীরা। স্বজনদের দাবি, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাদের আটকে রেখে নির্যাতন চালানো হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্তমানে কক্সবাজার সদর থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।