সারাবিশ্ব

ভারতে বিষাক্ত মদপানে প্রাণ গেল ১১ জনের, হাসপাতালে ভর্তি ১৮০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

ভারতে বিষাক্ত মদপানে প্রাণ গেল ১১ জনের, হাসপাতালে ভর্তি ১৮০
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি মানুষ। ভেজাল ও বিষাক্ত মদ পান করার কারণেই এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং শুক্রবার এক বিবৃতিতে জানান, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজ্যের দুটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মণিপুরের সুগনু শহর থেকে গত এক সপ্তাহে যারা মদ কিনে পান করেছেন, তাদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি অজ্ঞাত উৎস থেকে সংগ্রহ করা মদ পান না করতে সতর্ক করেছে পুলিশ।

এদিকে, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

ভারতে অবৈধ ও ভেজাল মদের ব্যবসা দীর্ঘদিনের সমস্যা। তুলনামূলক কম দামের কারণে নিম্ন আয়ের অনেক মানুষ এসব মদ কিনে পান করেন। অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা কখনো কখনো মদের সঙ্গে বিপজ্জনক রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, মদে ব্যবহৃত বিষাক্ত মিথানল অল্প পরিমাণেও প্রাণঘাতী হতে পারে। এমনকি ভারতে অবৈধভাবে তৈরি মদে ব্যাটারির অ্যাসিডের মতো ক্ষতিকর উপাদানও পাওয়া গেছে।

এর আগে ২০২০ সালে ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা