সারাবিশ্ব

ইরানি হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী, আশ্রয় নিলেন সেনা ঘাঁটিতে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

ইরানি হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী, আশ্রয় নিলেন সেনা ঘাঁটিতে
ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের বিলাসবহুল বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি বাড়ির বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র।

ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় বেসেন্টের ব্যক্তিগত বাসভবন। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ ডলারে বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন তিনি। সে সময় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বাড়িটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, ওয়াল স্ট্রিট জার্নালে বাড়িটির ছবি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ইরান তার বাসভবনের অবস্থান শনাক্ত করেছে বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা।

এরপরই নিরাপত্তার কারণে বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। সিএনবিসিকে ওই কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে সুরক্ষার জন্যই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে অবস্থান করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ক্রমবর্ধমান হুমকির মধ্যে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে ঠিক কতদিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। সরকারি নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে নিজের বাসভবনের বাইরে রয়েছেন তিনি।

স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন।

গত ২৪ আগস্ট শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক মুখপাত্র সিএনবিসিকে বলেন, ইরানি শাসকগোষ্ঠীর হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না।

মুখপাত্র আরও বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি অবিচল রয়েছেন। এসব পদক্ষেপের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে বলেও দাবি করেন তিনি।