সারাদেশ

যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর, বধূ সেজে অপেক্ষায় কনে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর, বধূ সেজে অপেক্ষায় কনে
ছবি: সংগৃহীত

বিয়ের সব আয়োজন সম্পন্ন। অতিথিদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ নেওয়া হয়েছিল নানা প্রস্তুতি। বধূ সাজে বিয়ের আসরে অপেক্ষায় ছিলেন কনে। কিন্তু নির্ধারিত দিনে হাজির হননি বর। কনের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় বিয়ে করতে আসেননি বর ও তার পরিবারের সদস্যরা।

শুক্রবার ২০ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে ওমানপ্রবাসী খয়রুন বেগম।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কনে ওমানে থাকাকালে কমলগঞ্জ উপজেলার জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিভিন্ন সময়ে আবাছ আলীকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন খয়রুন বেগম। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।

অভিযোগে বলা হয়, বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কনের বাড়িতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়।

কনের অভিযোগ, বিয়ের দাওয়াত পেয়ে আত্মীয়স্বজন ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ বিভিন্ন আয়োজনে প্রায় দুই লাখ টাকা খরচ করা হয়। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত বরপক্ষের কেউ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

কনের ভাই বলেন, ‘আমার বোনকে বিয়ের দিন বধূ সাজানো হয়েছিল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন। কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসেনি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। আমার ভাই ও ওই মেয়ে একসঙ্গে প্রবাসে ছিলেন। সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তারা সমাধান করতে না পারলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।