অর্থনীতি

দরিদ্রদের আয়ের ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম

দরিদ্রদের আয়ের ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের আয়ের প্রায় ২০ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধে ব্যয় করে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়। এতে দেশের কর ব্যবস্থায় বিদ্যমান বৈষম্যের চিত্র উঠে এসেছে।

বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শনিবার ২১ নভেম্বর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম এবং জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তাহসিন রিফাত।

গবেষণায় দেখা গেছে, ভ্যাটের চাপ শহরের তুলনায় গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ওপর বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাট হিসেবে দেয়। অন্যদিকে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।

গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই ধনী শ্রেণির কাছ থেকে আদায় হওয়ার কথা। অন্যদিকে আয়ের দিক থেকে নিচের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়কর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

তবে বাস্তবে আয়কর আদায়ের চিত্র ভিন্ন। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। এমনকি ই-টিআইএনধারীদের মধ্যেও আয়কর বিবরণী জমা দেওয়ার হার কম। ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।

অনুষ্ঠানে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি কর ব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। দেশে বৈষম্য দ্রুত বাড়ছে। সমপরিমাণ আয়ের ক্ষেত্রে সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থায় বৈষম্য কমবে। একই সঙ্গে রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থাও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব আদায় বাড়ানোর কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে।

তিনি বলেন, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে অর্থসচিব জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের মালিকদের কাছে ওই সম্পদের বিপরীতে কর পরিশোধের মতো নগদ অর্থ নাও থাকতে পারে। তাই নতুন করে সম্পদ কর আরোপের পরিবর্তে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।