সারাদেশ
রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া কোনো মোটরসাইকেল চালানো যাবে না। আগামী ২১ নভেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। এ সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। তবে জরুরি প্রয়োজনে এ সময় চলাচলের ক্ষেত্রে চালকদের অবশ্যই মোটরসাইকেলের হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
এসএমপি আরও জানিয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নগরীতে নিরাপত্তা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। তাই নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজন ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল না করার জন্য নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।