সারাদেশ

নিখোঁজ নন, ফোন বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন সেই বিচারক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

নিখোঁজ নন, ফোন বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন সেই বিচারক
ছবি: সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যদের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতে একটি ব্যাগ নিয়ে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে অবস্থিত হোটেল সি ভিউতে ওঠেন তিনি। সেখানে দুই দিনের জন্য ১৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে একাই অবস্থান করছিলেন তিনি।

এ বিষয়ে হোটেল সি ভিউ কুয়াকাটার ব্যবস্থাপক সোলাইমান বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাতে একটি ব্যাগ নিয়ে হোটেলে আসেন ওই বিচারক। পরে দুই দিনের জন্য ১৩ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি একাই ছিলেন এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিলেন। ঘুরতে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে যান। পরে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন, তিনি নিখোঁজ হয়েছেন। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে বলে জানতে পারেন। তবে তার কক্ষটি এখনো তালাবদ্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেলে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন শেখ ফারহান নাদীম। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে ওই দিন বাসায় না ফেরায় বুধবার ১৮ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, উদ্ধার হওয়া বিচারককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল কুয়াকাটায় আসছে। তাদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।