সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি প্রায় ১ হাজার এতিম শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করেন।
 
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বেবিস্ট্যান্ড এলাকায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একই খাবার গ্রহণ করেন।

এর আগে টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
 
এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।