সারাদেশ
চাঁদপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর মডেল থানা পুলিশ জানায়, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মজিবুর রহমান ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বর্তমান জেলা সাংগঠনিক সম্পাদক। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও মজিবুর রহমান প্রকাশ্যেই ছিলেন। এ সময় তিনি আইন পেশায়ও নিয়োজিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।