সারাদেশ

গাইবান্ধায় ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে ব্যানার টানাল ছাত্রলীগ, পুড়িয়ে দিল পুলিশ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

গাইবান্ধায় ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে ব্যানার টানাল ছাত্রলীগ, পুড়িয়ে দিল পুলিশ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তারা সেখানে ঝটিকা মিছিল করেন। একপর্যায়ে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। হেলমেট ও মাস্ক পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। সকালে দায়িত্ব শেষে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।