রাজনীতি

শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ফুলের মালা দিয়ে বরণ নয়, বরং কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব শেখ হাসিনাকে দিতে হবে। দেশে ফিরতে হলে জনগণের কাছে ক্ষমা চেয়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইলের কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, কয়েক দিন ধরে পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন। তিনি দেশে আসতে চাইলে আসতে পারেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। এখানে বাধা কোথায়? তিনি যে দেশে অবস্থান করছেন, সেখানে যাওয়ার সময় তার ভিসার প্রয়োজন হয়নি, বাংলাদেশে আসার সময়ও ভিসার প্রয়োজন হবে না। সীমান্তে পৌঁছালে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ভারতকেও তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সেটিই এখন মূল বিষয়। তিনি এ দেশের অসংখ্য মানুষের পরিবারকে শোকাহত করেছেন, মায়ের বুক খালি করেছেন। দেশের ব্যাংক ও অর্থনীতি ধ্বংস করেছেন। গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে মানুষের জীবন বিপর্যস্ত করেছেন এবং দেশের স্বাধীনতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এতকিছুর পর তিনি কীভাবে সম্মানের সঙ্গে দেশে ফিরবেন, তা তাকে বুঝতে হবে।

গতকালের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আহ্বানে দেশের কোথাও লকডাউন পালিত হয়নি। জনগণ তার আহ্বানে সাড়া দিলে হয়তো কর্মসূচি সফল হতো। এখন তার উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। দীর্ঘ ১৭ বছর ধরে যে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে, ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডে জড়িত হবেন না—এমন প্রতিশ্রুতি দেওয়া।

জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, শেখ হাসিনা এমনিতেই হত্যা মামলার আসামি। সোহেল মোল্লা হত্যাকাণ্ডের মামলাতেও তাকে হুকুমের আসামি করা হয়েছে। এ সময় টঙ্গীর সাবেক এক মন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার কোনো কাজ নেই, তিনিও হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রসঙ্গে তিনি বলেন, হত্যা ও খুনের ঘটনায় তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় ঘোষণা করা হয়েছে। সাহস থাকলে তখনই দেশে ফিরে আপিল করতে পারতেন। এখন আইনজীবী নিয়োগ করে বিশেষ কোনো লাভ হবে না। দেশের মানুষকে তিনি অনেক কষ্ট দিয়েছেন। যাদের গুম করা হয়েছে, বিশেষ করে ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তাকে জবাব দিতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আবদুস সালাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। পুলিশ বাহিনীকে শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে প্রশাসনকেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি; এ দেশের জনগণ বিপুল ভোটে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের প্রশংসা এবং দলটির পক্ষে প্রচারণা চালানোর সমালোচনা করে তিনি বলেন, যারা আওয়ামী লীগের গুণগান গাইছে এবং আন্ডারগ্রাউন্ড পার্টির পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার সুবিধাভোগীরাই এখনো তার প্রশংসায় ব্যস্ত রয়েছেন। যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে আবদুস সালাম বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে। যারা দীর্ঘদিন লুটপাট করেছে, তাদের অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় লোক ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাহস থাকলে তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালন করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা হাবিব-উন-নবী খান সোহেল, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।