জাতীয়
শিক্ষাব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা খাতের মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে কাজ করছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে। ঢাকা কলেজে শিক্ষক নিয়োগ ও বদলির ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াও সম্পূর্ণ স্বচ্ছ রাখা হয়েছে। শুধু ঢাকা কলেজ নয়, রাজধানীর অন্যান্য সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্যও পৃথক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
শিক্ষা খাতে বাজেট বরাদ্দের বিষয়টি তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ কারণে এবারের বাজেটে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা অতীতে কখনো দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। এর আগে শিক্ষা খাতে বরাদ্দ ছিল মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ। তাঁর অভিযোগ, আগের বছরগুলোতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যয়ও শিক্ষা খাতের হিসাবের সঙ্গে যুক্ত করে বরাদ্দের পরিমাণ বেশি দেখানো হয়েছিল।
ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের বিষয়েও একাধিক পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কলেজটিতে ১০ তলাবিশিষ্ট নতুন ছাত্রাবাস, একটি মাল্টিপারপাস হল এবং নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে প্রয়োজনীয় শিক্ষক পদায়নের মাধ্যমে শিক্ষক সংকট দূর করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া কলেজের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিগুলো দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এসব বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে রাষ্ট্রপতির অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে ড. মিলন বলেন, রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতাও করেছেন। প্রতিষ্ঠানটিকে কীভাবে আরও উন্নত ও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে রাষ্ট্রপতি তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দেবেন। সরকার সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্তমানে বাজেটের কোনো অভাব নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখন প্রয়োজন সদিচ্ছা, আন্তরিকতা এবং পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন। তাঁর ভাষায়, ‘নেওয়ার পালা শেষ, এবার দেশকে দেওয়ার পালা।’ দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মীর সরাফত আলী সপু। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহানও বক্তব্য দেন।