জাতীয়

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সফরকালে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি একটি বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ২০ নভেম্বর সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ওই দিন প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করবেন তিনি।

মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।