জাতীয়

১২ দিনে দেশের ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

১২ দিনে দেশের ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের বিভিন্ন স্থাপনা ও যানবাহনেও হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পুলিশের দেওয়া তথ্যে আলাদা কোনো হিসাব উল্লেখ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী, সংগঠক এবং অর্থায়নের উৎস খুঁজে বের করাও জরুরি।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

কামারুম মুনিরা আরও বলেন, কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।