সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি, ৫১ বস্তা টাকায় নতুন রেকর্ড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি, ৫১ বস্তা টাকায় নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর রেকর্ড পরিমাণ ৫১ বস্তা টাকা পাওয়া যায়। এসব টাকা গণনার সময় অন্যান্য সামগ্রীর সঙ্গে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে। ব্যতিক্রমী এই দানের খবর উপস্থিত ব্যক্তিদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের তৈরি চামচ ও বাটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দিন। তবে কে বা কারা এসব স্বর্ণের সামগ্রী দান করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার দানবাক্সগুলো খোলা হয়েছে। দীর্ঘ সময় পর দানবাক্স খোলায় এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বিপুল পরিমাণ এই অর্থ গণনার কাজ চলছে। শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত গণনা করা অর্থের মধ্যে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। বাকি টাকা গণনা ও হিসাবের কাজ অব্যাহত রয়েছে।

এদিকে, দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নগদ টাকার পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটির মতো ব্যতিক্রমী সামগ্রী পাওয়ায় এবারের দানবাক্স খোলার ঘটনা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী গণনার মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ।