রাজনীতি
প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ. লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ এবং উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন করা হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেবে, ইনশাআল্লাহ।’
সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেখা গেছে, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-একটি জায়গায় পেট্রলবোমা নিক্ষেপ ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তারা শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগকে উপেক্ষা করে আবারও নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে। তবে এ ধরনের কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, দেশের জনগণের কাছে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে প্রমাণিত হয়েছে যে দলটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে দলটি অতীতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ করেন তিনি। একটি নির্দিষ্ট জেলায় সাম্প্রতিক সময়ে একই ধরনের ঘটনা ঘটিয়ে দলটি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করেছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্তের যথার্থতা আবারও প্রমাণিত হয়েছে। জনগণও বিষয়টি উপলব্ধি করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, সারা দেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী দাবি করেন, দেশের একটি নির্দিষ্ট জেলাতেই এ ধরনের ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দেশে অগ্নিসংযোগ ও সহিংসতার যেসব ভিডিও ছড়িয়ে পড়ছে, সেগুলো সঠিক নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
তবে সরকার মানবিক ও ধৈর্যশীল অবস্থানে থাকলেও পরিস্থিতির অবনতি ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে।
বাংলাদেশ আর কোনো দেশের তাঁবেদারি করবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার তার কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।