সারাবিশ্ব
হরমুজের ওমান উপকূলে পরপর ২ ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ওমানের উপকূলীয় এলাকায় পরপর দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, সর্বশেষ ঘটনাটি ঘটেছে ওমানের খাসাব বন্দর থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল বা ৩১ কিলোমিটার পূর্বে। এ সময় একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন কক্ষে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও ক্রুদের মধ্যে কেউ হতাহত হননি বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে একই এলাকায় আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় ওমানের খাসাব বন্দর থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল বা ২০ কিলোমিটার উত্তরে ট্যাংকারটির পেছনের অংশে (স্টার্ন) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুটি হামলার ধরন ও অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে হামলায় ব্যবহৃত বস্তুগুলোর প্রকৃতি, এগুলো ক্ষেপণাস্ত্র ছিল কি না এবং কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া দ্বিতীয় ট্যাংকারে আঘাতের ফলে সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা অন্য কোনো ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাগুলোর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।