জাতীয়

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উত্তেজনার জেরে ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উত্তেজনার জেরে ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেকেই কারখানার ফটকে ছুটির নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

এর আগে শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কাজে যোগ দিতে আসা শ্রমিকরা। সকালে কর্মস্থলে এসে কারখানার ফটকে ছুটির নোটিশ দেখে অনেক শ্রমিক ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে কারখানা খুলে দেওয়া এবং নিয়মিত বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারা।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ নিজেদের অনিয়ম ও ব্যর্থতার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে আন্দোলনের অজুহাতে কারখানা বন্ধ রাখছে। তাদের দাবি, সময়মতো বেতন-ভাতা পরিশোধ না করে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রা ও আর্থিক সংকট আরও বেড়ে যাচ্ছে।

এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ এবং আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

অন্যদিকে, বারবার শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় আশুলিয়ার শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কারখানার মালিকরা। দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে পোশাক উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সর্বশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।