রাজনীতি
নিষিদ্ধ আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। বিদেশে অবস্থান করেও তারা দেশের গণতন্ত্রকামী মানুষের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় হামলায় নিহত বিএনপির দুই নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে। তারা এখনো দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।’
নিহত দুই নেতার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এসব সহিংসতার নির্মম শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আকরাম ও ফাইয়াজসহ অসংখ্য শিক্ষার্থীকে গুলি করেও তারা ক্ষান্ত হয়নি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ নস্যাৎ করতে পারবে না। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার একদিন নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ভূমিকা রাখায় সোহেল রানা ও শাহিনুর রহমান স্মরণীয় হয়ে থাকবেন। তারা শহীদের মর্যাদা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছেন। সরকারের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের কারণে আর কোনো মায়ের বুক খালি হবে না।
এর আগে সকালে কালিয়া উপজেলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।