ক্যাম্পাস
বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি ভিসি
নিজের উপাচার্য হওয়ার সঙ্গে বিএনপির ক্ষমতায় যাওয়ার যোগসূত্র টেনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেছে বলেই তিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন। বিষয়টি লুকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার ২০ নভেম্বর জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জবি উপাচার্য বলেন, ৫ আগস্টের পর থেকেই তারা বিভিন্ন বিষয় দেখছেন। এখানে লুকানোর কিছু নেই। মানুষের পরিচয় ও আত্মপরিচয় লুকানোর বিষয় নয়। তারও একটি পরিচয় রয়েছে। তিনি আওয়ামী লীগের জুলুম সহ্য করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার বিষয়ে তিনি বলেন, কেউ যদি দেশকে ভালোবাসেন এবং দেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে অন্তরে ধারণ করেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা উচিত।
তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর যারা আজ এখানে উপস্থিত রয়েছেন, তারা বাংলাদেশের কোন শ্রেণির নাগরিক, তা নিজেরাও বুঝতে পারতেন না। সে সময় তাদের বাকস্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা কিংবা মানুষ হিসেবে বেঁচে থাকার স্বাধীনতা ছিল না। এ পরিস্থিতির কারণেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে। ছাত্রজনতা জালিমদের হাত থেকে মুক্তি এনে দিয়েছে।
ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, কেউ যদি বাংলাদেশের সুনাগরিক হন এবং দেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করেন, তাহলে নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা উচিত।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করেছেন। তবে গত কিছুদিন ধরে বিভিন্ন স্থানে নৈরাজ্য দেখা যাচ্ছে। সম্প্রতি নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে আগুন দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাতেও কারাগারে হামলার চেষ্টা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গত ১৫ থেকে ১৬ বছরের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য সবাইকে রুখে দাঁড়াতে ও প্রতিবাদ করতে হবে। যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, আজ তার জন্মদিন। এ উপলক্ষে নিজেদের ও দেশের স্বার্থে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা উচিত। এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলেও মন্তব্য করেন জবি উপাচার্য।